সন্ত্রাসবাদ: মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদে জড়িত সন্দেহে এক বাংলাদেশিসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। আজ বৃহস্পতিবার চ্যানেল নিউজ এশিয়া ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, গত ২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে সন্ত্রাসী কাজে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন মালয়েশীয়। অন্য তিনজন বিদেশি।

মালয়েশিয়ার পুলিশ বলছে, তিন বিদেশির মধ্যে একজন বাংলাদেশি। অন্য দুজন নেপাল ও মরক্কোর নাগরিক।

গ্রেপ্তার হওয়া বাংলাদেশির নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে তিনি রেস্তোরাঁর মালিক বলে জানানো হয়।

পুলিশের বরাতে খবরে বলা হয়, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র পাচারে জড়িত থাকার সন্দেহে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিভিন্ন খবরে বলা হচ্ছে, ওই বাংলাদেশিকে ধরার জন্য ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করেছিল।