সন্ত্রাসী কিরিচ বাবুল গ্রেপ্তার
চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক ওরফে কিরিচ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে নগরের বাকলিয়া খেজুরতলা এলাকা থেকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা-পুলিশ।
নগরের বাকলিয়া থানার ইমন হত্যা মামলায় গত ১১ জুলাই কারাগার থেকে জামিনে মুক্তি পান বাবুল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, খেজুরতলা এলাকায় মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এমরানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়ার পর কিরিচ বাবুলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। তবে তিনি দাবি করেছেন চাঁদা চাননি। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হয়ে উঠলে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় কিরিচ বাবুলের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, কিরিচ বাবুলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জবরদখলসহ নগরের বাকলিয়া ও চকবাজার থানায় ২৪টি মামলা রয়েছে।