সন্ত্রাসী টিংকু দাশ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালিকাভুক্ত সন্ত্রাসী টিংকু দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত একটার দিকে নগরের মুরাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামীসহ নগরের বিভিন্ন থানায় ১২টির বেশি মামলা রয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, টিংকু দাশ নগরে ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা করছেন— এমন তথ্য পুলিশের কাছে রয়েছে। তিন মাস আগে জামিনে মুক্তি পেয়ে তিনি আবার নাশকতায় জড়িয়ে পড়েন। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পাঁচলাইশ থানার একটি মামলায় গতকাল সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।