সন্ত্রাসী দিয়ে বাড়ি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর বাজারের এক ব্যবসায়ী ও তাঁর পরিবারের লোকজনকে সন্ত্রাসী দিয়ে মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন।
ওই ব্যবসায়ীর নাম বিষ্ণু কর্মকার। গতকাল সোমবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে বিষ্ণু কর্মকার বলেন, তিনি আলীপুর বাজারে ১ দশমিক ৬ একর জমিতে বাড়ি করে ৩৬ বছর ধরে পরিবার-পরিজন নিয়ে বাস করছেন। ওই জমি নিয়ে একই এলাকার দ্বিজেন ব্যাপারীর সঙ্গে আদালতে তাঁর মামলা চলছে। এর রায় না হতেই গতকাল শনিবার দ্বিজেন ও তাঁর বাবা জগদীশ ব্যাপারী বিভিন্ন এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে বাড়িঘরে হামলা চালান। সন্ত্রাসীরা ঘরের দরজা-জানালা কুপিয়ে ভাঙচুর করে ঘরবাড়ি দখল করে নেয়। এ সময় সন্ত্রাসীরা প্রাণনাশেরও হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে বিষ্ণু কর্মকার বলেন, হামলার সময় তিনি মহিপুর থানায় গেলে সেখানেও সন্ত্রাসীদের দেখেন। পরে তিনি পটুয়াখালী চলে আসেন এবং গতকাল পটুয়াখালী দ্রুত বিচার আদালতে মামলা করেন। এতে দ্বিজেন ব্যাপারীকে প্রধানসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। আদালত মহিপুর থানার ওসি তদন্ত করে আগামী ৩ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
হামলার রাতে অন্য একটি মামলায় দ্বিজেন ব্যাপারী গ্রেপ্তার হওয়ায় এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায়নি। তবে তাঁর বাবা জগদীশ ব্যাপারী বলেন, ‘ওই জমি আমাদের। তাই দখলের প্রশ্নই ওঠে না।’
মহিপুর থানার ওসি মাকসুদুর রহমান গতকাল বলেন, ‘ওই ব্যবসায়ীর লিখিত অভিযোগ পেয়েছি। সেটি তদন্ত করা হচ্ছে।’