সন্ত্রাসী দীপু গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার তিন পুলিশ আহত
নরসিংদী শহরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মো. দীপু মিয়াকে (২৬) গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে শহরের পশ্চিম দত্তপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর সহযোগীদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হন।
মো. দীপু মিয়া পশ্চিম দত্তপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে ১০টি মামলা আছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
পুলিশ সূত্রে জানা গেছে, দীপু মিয়া নিজ এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহনেওয়াজ খালেদের নেতৃত্বে জেলা গোয়েন্দা ও থানার পুলিশের একটি দল শনিবার গভীর রাতে শহরের পশ্চিম দত্তপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশও পাল্টা গুলি চালায়। ওই সময় পুলিশের তিন সদস্য আহত হন। তাঁরা হলেন নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক প্রদীপ কুমার রায়, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. সোহেল মিয়া ও পুলিশ সদস্য দেলোয়ার হোসেন। ঘটনাস্থল থেকে তিনটি গুলি, একটি বিদেশি পিস্তলসহ গুলিবিদ্ধ দীপু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।