সন্ত্রাসী মিল্লাত জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী খোরশেদ আলম মিল্লাত
সন্ত্রাসী খোরশেদ আলম মিল্লাত

চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফটিকছড়ির মিল্লাত বাহিনীর প্রধান খোরশেদ হোসেন মিল্লাত (৪৬) এক দিনের ব্যবধানে জামিনে মুক্ত হয়েছেন।
গত রোববার গ্রেপ্তারের পরদিন সোমবার চট্টগ্রাম নগরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কুদ্দুছ এলাহীর আদালত তাঁকে এ জামিন দেন।
সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার ভুক্তভোগীরা জানান, জামিনে আসার পর থেকে ফটিকছড়িজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
সন্ত্রাসী হামলার শিকার মো. ইউসুফ বলেন, ‘সন্ত্রাসী মিল্লাত আবার জামিনে এসে দলের প্রভাব খাটিয়ে আমার মুঠোফোনে বারবার হত্যার হুমকি দিচ্ছেন। বাড়ির চারপাশে তাঁর বাহিনীর সদস্যরা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে বেশ নিরাপত্তাহীনতায় রয়েছি।’
প্রবাসী আবদুল মান্নান নামের এক ভুক্তভোগী অভিযোগ করেন, ‘দীর্ঘদিন থেকে মিল্লাত এলাকার ধনাঢ্য লোকজনের কাছে চাঁদা দাবি করছেন। চাঁদা দিতে অপারগ হলে তাদের বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে জুলুম আর নির্যাতন চালাচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের সহায়তা চেয়েও কোনো প্রতিকার মিলছে না।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রোববার তালিকাভুক্ত সন্ত্রাসী মিল্লাতকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি। কিন্তু বিজ্ঞ আদালত তাঁকে জামিন দিলে আমাদের কী করার আছে?’
তালিকাভুক্ত সন্ত্রাসী দিনের ব্যবধানে জামিনে আসাটা পুলিশ প্রশাসনের ক্ষমতার দুর্বলতা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের আইনজীবী মো. তসলিম উদ্দিন। তিনি বলেন, ‘এর ফলে অপরাধীরা উৎসাহিত হবে এবং প্রকৃত অর্থে ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে।’
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজাম উদ্দিন বলেন, ‘এটি আদালতের এখতিয়ার। তবে বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে দেখব।’
গত রোববার উপজেলার দক্ষিণ নিশ্চিন্তাপুর নিজ গ্রাম থেকে সাবেক জেলা যুবলীগের সদস্য সন্ত্রাসী মিল্লাতকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ফটিকছড়ি, হাটহাজারী ও কোতোয়ালি থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা থাকলেও বারবার জামিনে মুক্ত হন তিনি।