সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতা গুরুতর আহত
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন পলাশ (৩৫) সন্ত্রাসীদের হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা গৌতম মল্লিক (৪২) নামের অপর এক ব্যক্তি। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে এ ঘটনা ঘটে।
তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত গৌতম মল্লিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জিয়াউদ্দিন পলাশ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি নওয়াপাড়া ইনস্টিটিউটের কার্যনির্বাহী সংসদের সদস্য।
জিয়াউদ্দিন পলাশ বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি কয়েকজনের সঙ্গে নওয়াপাড়া ইনস্টিটিউটে অবস্থান করছিলেন। এ সময় গুয়াখোলা গ্রামের কামরুল ইসলামের নেতৃত্বে ৩৫-৪০ জন ইনস্টিটিউটের মাঠে এক ব্যক্তিকে পেটাচ্ছিলেন। এ সময় তিনি গৌতম মল্লিকসহ কয়েকজন সেখানে গিয়ে তাঁকে মারার কারণ জানতে চান। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁদের হাতুড়ি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা সেখান থেকে চলে যায়। আহত জিয়াউদ্দিন পলাশ ও গৌতম মল্লিককে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত গৌতম মল্লিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জিয়াউদ্দিন পলাশ বলেন, ‘আমার সারা শরীরে বিভিন্ন জায়গায় হাতুড়ি দিয়ে ৩৫-৪০টি আঘাত করা হয়েছে। চাপাতি দিয়ে গৌতমের মাথায় বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে। হাতুড়ি দিয়েও তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’