সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতা গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় সন্ত্রাসী হামলায় বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হক সরকার (৫০) গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার ওদ্দিরখোলা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মানিকদান সেতুর কাছে সন্ত্রাসীরা তাঁর পথরোধ করে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সন্ধ্যায় ঢাকায় পাঠানো হয়েছে।

ইসরাফিল হকের ছেলে রবিউল সামি বলেন, পূর্বশত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। হামলাকারীদের নাম ও পরিচয় পুলিশকে জানানো হয়েছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক গণেশ কুমার আগরওয়ালা জানান, ইসরাফিল হকের মাথা, হাত, পা ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান বলেন, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ইসরাফিল তাদের চিনেছেন এবং নামও বলেছেন। এখন তাদের গ্রেপ্তারের দায়িত্ব পুলিশের।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন, ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।