সন্ত্রাসী হামলায় এক পরিবারের ১৫ জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই পরিবারের ১৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। ফের হামলা হওয়ার ভয়ে ঘটনার পর থেকে ওই পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা ছাত্রলীগের লোক।
সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তিদের নামে থানায় আরও অভিযোগ আছে।