সন্ত্রাসী হামলায় ডিজিএম আহত, তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম মোস্তফা কামাল সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার কটিয়াদী পৌর শহরের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
আটককৃত তিনজন হলেন কটিয়াদী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মচারী মহিউদ্দিন খান, মাজহারুল পল্টু ও সিরাজুল ইসলাম।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম মিয়া বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক তিন ব্যক্তি পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান। তাঁরা তিনজন দালাল হিসেবে পরিচিত। আমরা প্রায় নিশ্চিত, হামলায় আটক ব্যক্তিরা জড়িত আছেন। এই ঘটনায় পল্লী বিদ্যুৎ কটিয়াদী অফিসের পক্ষ থেকে বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তবে পুলিশ হেফাজতে আটক ব্যক্তিরা ডিজিএমের ওপর হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবে গ্রাহকসেবা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের সঙ্গে লেনদেন করার কথা স্বীকার করেছেন তাঁরা।
পুলিশ জানায়, কটিয়াদী পল্লী বিদ্যুৎ কার্যালয়টি শহরের সিঅ্যান্ডবি সড়কে। আগে নতুন সংযোগ পেতে এবং অন্য যেকোনো সেবা গ্রহণ করতে গ্রাহকদের দালালদের সাহায্য নিতে হতো। এই কারণে গ্রাহকদের অতিরিক্ত টাকা লাগত। এক বছর আগে মোস্তফা কামাল উপমহাব্যবস্থাপক হিসেবে এই কার্যালয়ে যোগদান করেই গ্রাহকদের দালালদের কাছ থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে মাইকিং করেন। এরপর থেকে দালালেরা আর সুবিধা করতে পারছিল না। এ নিয়ে ডিজিএমের সঙ্গে দালালদের একাধিকবার তর্ক হয়।
সর্বশেষ এক মাস আগে দালালেরা অফিসে এসে ডিজিএম মোস্তফা কামালকে হুমকি দিয়ে যান। পরে ডিজিএম বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানা পুলিশকে জানান। এই পরিস্থিতিতে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তিনি তাঁর পূর্বপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশে যাচ্ছিলেন। কিছু পথ এগোনোর পরই সন্ত্রাসীরা রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে কটিয়াদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।