সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
ফেনীর সোনাগাজী উপজেলায় গতকাল মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের এক নেতা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মোস্তফা মনির (৩২)। তাঁর বাড়ি সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়্যাই গ্রামে। তিনি উপজেলার বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
ঘটনার প্রতিবাদে গতকাল রাতেই যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ক্ষুব্ধ নেতা-কর্মীরা আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এ ছাড়া স্থানীয় বালিগাঁও ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রেও হামলা ও ভাঙচুর হয়েছে।
মোস্তফাকে হত্যার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছে জেলা বিএনপি।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, গত কয়েক দিন ধরে বালিগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ-ছাত্রলীগ ও বিএনপি-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে বিরোধের জের ধরে ছোটখাটো কিছু হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মোস্তফা তাঁদের বাড়ি থেকে অটোরিকশায় করে সোনাগাজীর মান্দারী গ্রামে নানার বাড়ি যাচ্ছিলেন। উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর কালীবাড়ি পৌঁছালে তিন-চারজন দুর্বৃত্ত তাঁকে অস্ত্রের মুখে অটোরিকশা থেকে নামায়। এরপর তাঁকে পিটিয়ে ও কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে চলে যায় তারা।
স্থানীয় লোকজন মোস্তফাকে উদ্ধার করে প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিত্সা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর রাত ১১টার দিকে তিনি মারা যান।
মনিরের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়লে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা রাতেই বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল উদ্দিনের বাড়িতে হামলা-ভাঙচুর ও খড়ের গাদায় আগুন দেন। পরে তাঁরা ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে হামলা করে কম্পিউটার ভাঙচুর ও জিনিসপত্র তছনছ করেন।
কামাল উদ্দিন বলেন, তাঁর বাড়িতে হামলার কারণ তিনি জানেন না।
সকালে ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ও কামাল উদ্দিনের বাড়ি পরিদর্শন করেছেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, সন্ত্রাসী হামলায় মোস্তফা নিহত হওয়ার ঘটনায় সোনাগাজী থানায় একটি হত্যা মামলা হবে। এ ছাড়া ইউপি সদস্য কামাল উদ্দিনের বাড়ি ও তথ্যসেবা কেন্দ্রে হামলা ঘটনায় ফেনী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।