সন্ত্রাসীদের উৎপাতে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সন্ত্রাসীদের উৎপাতের কারণে একটি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে জাপাটেক করপোরেশন নামের ওই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) সোহরাব হোসেন ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোহরাব হোসেন বলেন, ২০১১ সালে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশি বংশোদ্ভূত পাইলট কে জামান রবিন ফতুল্লার কুতুবপুরে ওই প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি চাল থেকে বিস্কুট ও কোমল পানীয় উৎপাদন করে। চালুর পর থেকেই একটি চক্র পরিচয় গোপন রেখে নানা ষড়যন্ত্র শুরু করে। গত বছরের ১৭ জুলাই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পাইলট কে জামান রবিনকে ফতুল্লায় একদল মুখোশধারী সন্ত্রাসী হত্যার চেষ্টা করে। রবিন কোনোরকমে বেঁচে যান।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলাও হয়। এরপর থেকে তিনি জাপানে থাকছেন। সম্প্রতি ওই চক্রটি আবারও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানের কর্মচারীদের হুমকি, জিএমের গাড়িতে ঢিল ছোড়া, প্রতিষ্ঠানের বন্ধ দরজায় লাগানো তালার মুখে সুপার গ্লু দেওয়াসহ নৈশপ্রহরীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। কিন্তু চক্রটির কেউ সামনাসামনি না আসায় কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারছে না প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।