সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তারাজুল ইসলাম সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

উপজেলার আটবাড়িয়ায় গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়ির শোবার কক্ষের জানালা দিয়ে তাঁকে গুলি করে সন্ত্রাসীরা।

মাথায় গুলিবিদ্ধ তারাজুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

হাসপাতালে চেয়ারম্যানের সঙ্গে থাকা বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাখারিয়া ইউপির চেয়ারম্যান আবু সুফিয়ান গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় বলেন, ঢাকার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, গুলিতে তারাজুলের মগজ বেরিয়ে গেছে। তাঁরা তাঁকে লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেন। খরচের দিক বিবেচনা করে সেখান থেকে রোগীকে বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, তারাজুলের পরিবারের এক সদস্য জানিয়েছেন রাত তিনটার দিকে অজ্ঞাত দুই ব্যক্তি শোবার কক্ষের জানালায় আঘাত করে। শব্দ পেয়ে চেয়ারম্যানের স্ত্রী জেগে জানালা খুলে দেন। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাইলে তারাজুল বিছানা থেকে মাথা উঁচু করতেই সন্ত্রাসীরা তাঁর মাথা লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে পালিয়ে যায়।

ওসি আরও বলেন,ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন, খাস পুকুর ইজারা এবং একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তারাজুলের বিরোধ ছিল।