সন্ত্রাসীদের গুলিতে ইসলামী আন্দোলন নেতা নিহত
খুলনা নগরে শেখ ইকবাল সরোয়ার (৫৩) নামের চরমোনাই পীরের ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত আটটার দিকে দৌলতপুরের মীনাক্ষী সিনেমা হলের সামনের আঞ্জুমান সড়কে এ ঘটনা ঘটে। ইকবাল সরোয়ার ওই সংগঠনের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার দৌলতখান রোডের বাসিন্দা।
একইভাবে ১৯৮১ সালে নগরের বাগমারা এলাকায় ৩৫ বছর বয়সে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইকবাল সরোয়ারের বড় ভাই শেখ অসিকুর রহমান। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, অসিকুর ওই সময় অগ্রণী যুবদল নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন ওই সংগঠনের সভাপতি।
ইকবালের দুই মেয়ে ও এক ছেলে। এ বছর ছোট ছেলে ও মেয়ে এসএসসি পাস করেছে। বড় মেয়েটিকে কয়েক বছর আগে বিয়ে দেওয়া হয়েছিল। জামাই সৌদিপ্রবাসী ছিলেন। গত তিন মাস আগে সেখানেই জামাই হার্ট অ্যাটাক করে মারা যান। ওই মেয়ের ঘরে তিন বছরের একটি মেয়ে আছে।
আঞ্জুমান সড়কে ইকবালের ‘এহসান এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোঅপারেটিভ লিমিটেড নামের একটি বিমা কোম্পানিতেও চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, বাসা থেকে ইফতার করে আঞ্জুমান মসজিদে মাগরিবের নামাজ পড়েন ইকবাল সরোয়ার। এরপর নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কিছুটা দূরে ওই সড়কে ওপর দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন তিনি। এমন সময় একটি মোটরসাইকেলে তিনজন তরুণ এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরপর তিনটি গুলি করে সন্ত্রাসীরা। একটি হাতে ও দুটি বুকে লাগে। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী ইকবালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, যারা ওই হত্যার মিশনে অংশ নেয় তাঁদের বয়স কারই ২৫ বছরের বেশি নয়। তবে এলাকায় তাঁরা অপরিচিত। হয়তো বাইরের ভাড়াটে গুন্ডা দিয়ে ওই হত্যাকাণ্ড চালানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন দাবি করেন, ইকবাল সরোয়ার চরমপন্থী নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। চাঁদাবাজ হিসেবেও তাঁর বিরুদ্ধে থানায় অনেক অভিযোগ আছে।
তবে ওই অভিযোগ অস্বীকার করেছেন ইকবালের ছোট ভাই শেখ শামীম মুরাদ। তিনি বলেন, ১৯৯০ সালের দিকে দৌলতপুর ও পার্শ্ববর্তী দিয়ানা গ্রামের মধ্যে দ্বন্দ্ব ছিল। দৌলতপুরের নেতৃত্ব দিতেন আখতারুজ্জামান খোকন ওরফে টাইগার খোকন আর দিয়ানা গ্রামের নেতৃত্ব দিতেন গাজী কামরুল। ওই দুই গ্রামের মধ্যে কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষও হয়। তখন ইকবাল এলাকার ছেলে হয়ে খোকনের নেতৃত্বে কাজ করতেন। ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে দুই গ্রামের দ্বন্দ্ব মীমাংসা করা হয়। এরপর আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ওই সময়ের পর ইকবাল চরমোনাই পীরের মুরিদ হয়ে সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক চলতেন। তাঁর বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ নেই বলে তিনি দাবি করেন।
ওই এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলেও শামীমের কথার সত্যতা পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা দাবি করেন, পুলিশ হত্যার ঘটনাকে ভিন্ন খাতে নিতে ওই ধরনের অপপ্রচার চালাচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের দৌলতপুর থানা সভাপতি মো. মনিরুল ইসলাম বলেন, ২০০১ সালের দিকে তাঁদের সংগঠনে যোগ দেন ইকবাল সরোয়ার। দলের সব কাজেও তিনি অংশগ্রহণ করতেন। চলতি ২০১৬-১৮ সালের জন্য তাঁকে ওই ওয়ার্ডের সভাপতি নির্বাচিত করা হয়। এত দিন তাঁর বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ আসেনি। হত্যার ব্যাপারে মহানগর কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইকবাল সারোয়ার হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মীনাক্ষী সিনেমা হলের মোড় থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়ে দৌলতপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মীনাক্ষীর মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। ওই সমাবেশ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়।