সন্ত্রাসীদের গুলিতে দুই এসআই আহত
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম এলাকায় আজ বুধবার সকালে সন্ত্রাসীদের গুলিতে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। তাঁদের একজনকে পাবনা জেনারেল হাসপাতাল ও অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত দুই এসআই হলেন মনির হোসেন (৪০) ও তোফাজ্জল হোসেন (৪০)। একজনের মাথা ও অপরজনের চোয়ালে গুলি লাগে।
পুলিশের দাবি, রাস্তায় একটি প্রাইভেট কারকে থামতে বললে ভেতরে থাকা সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে এ ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত অস্ত্র ও প্রাইভেট কার ফেলে পালিয়ে যায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুই এসআই দেবত্বর-ডেঙ্গারগ্রাম সড়কে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে যাওয়ার সময় তাঁরা গাড়িটিকে থামার সংকেত দেন। এরপর গাড়িটি থামলেও গাড়ির ভেতর থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে দুই এসআই গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা কিছু দূর গিয়ে প্রাইভেট কার ও তাদের ব্যবহৃত অস্ত্র ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দুই পুলিশ কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে। এ সময় গাড়ির ভেতর থেকে তিনটি রিভলবার, একটি পিস্তল, একটি শাটারগান ও ১৬টি গুলি উদ্ধার করা হয়।
ওসি ফারুক হোসেন বলেন, ঘটনার পর এলাকাটি পুলিশের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। সন্ত্রাসীদের ফেলে যাওয়া আলামতের সূত্র ধরে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। আহত দুই এসআই চিকিৎসাধীন রয়েছেন।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মঞ্জুরা রহমান জানান, আহত দুজনের মধ্যে মনির হোসেনের মাথা ও তোফাজ্জল হোসেনের চোয়ালে গুলি লাগে। তোফাজ্জলকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মনিরের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।