সন্ত্রাসীদের গুলিতে দুই এসআই আহত
পাবনার আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রামে গতকাল বুধবার সন্ত্রাসীদের গুলিতে পুলিশের দুই এসআই আহত হয়েছেন। পরে সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত অস্ত্র ও গাড়িটি ফেলে পালিয়ে যায়। এগুলো জব্দ করা হয়েছে।
আহত দুই এসআই হলেন তোফাজ্জল হোসেন (৪০) ও মনির হোসেন (৪০)। তোফাজ্জলকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি ও মনির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আটঘরিয়া থানার ওসি ফারুক আহম্মদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই দুই এসআই গতকাল দেবত্বর-ডেঙ্গারগ্রাম সড়কে ছিলেন। বেলা ১১টার দিকে একটি ব্যক্তিগত গাড়ি বেপরোয়াভাবে যাওয়ার সময় তাঁরা থামতে সংকেত দেন। এ সময় ভেতরে থাকা সন্ত্রাসীরা গাড়িটি থামিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ওই দুই এসআই গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয় লোকজন চারদিক থেকে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দুই এসআইকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।