সন্ত্রাসীদের ছররা গুলিতে বান্দরবানে ইউপিডিএফের জেলা সম্পাদক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিপিএফ) জেলা সাধারণ সম্পাদক। হামলার ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের বালাঘাটা কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
দুজনেই ছররা গুলিতে আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শহরের বালাঘাটা কালীমন্দির এলাকায় চার-পাঁচজন দুর্বৃত্ত ইউপিডিএফের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক বিক্রম তঞ্চঙ্গ্যাকে লক্ষ৵ করে কয়েকটি গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনিসহ এক পথচারী আহত হন। দুজনের পায়ে গুলি লাগে। পরে আশপাশের লোকজন দুজনকে উদ্ধার কর বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
গুলিবিদ্ধ ইউপিডিএফের সাধারণ সম্পাদক বিক্রম তঞ্চঙ্গ্যা জানান, এটেন তঞ্চঙ্গ্যা ও রাজু তঞ্চঙ্গ্যা নামে পরিচিত দুজন মুঠোফোনে তাঁকে কালীমন্দির এলাকায় যেতে বলেন। সেখানে পৌঁছার পর তিনি রাজুর সঙ্গে আলাপ করতে থাকেন। কিছুক্ষণ পর চার দুর্বৃত্ত সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।
ইউপিডিএফের জেলা সভাপতি ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিক্রম তঞ্চঙ্গ্যাকে লক্ষ৵ করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন জানান, ছররা গুলি লেগেছে বিক্রম তঞ্চঙ্গ্যা ও নাসিরের পায়ে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।