সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে এক ব্যক্তির নিহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। তারা নিহত ব্যক্তিকে তালিকাভুক্ত সন্ত্রাসী বলছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়াছড়ায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

পুলিশের ভাষ্য, জনাব আলী ও জালাল বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে আলী বাহিনীর দ্বিতীয়-প্রধান মো. এনাম (৪০) নিহত হন।

পুলিশের বিবরণ অনুযায়ী, এনামের বাড়ি মহেশখালী উপজেলায়। তাঁর বাবার নাম নুরুল হক।

পুলিশের ভাষ্য, দুই দল সন্ত্রাসী বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সটকে পড়ে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এনামকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই বন্দুকযুদ্ধ হয়েছে বলে মনে করছে পুলিশ। বন্দুকযুদ্ধে নিহত এনাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা রয়েছে।