সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে দুই পুলিশ আহত, গ্রেপ্তার ২
পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে গত শনিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইউনিয়নের স্বরগ্রামের আলম বাহিনীর প্রধান শাহ আলম (৪২) ও তার সহযোগী ভবানীপুর গ্রামের সাইদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম বলেন, গ্রামের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একদল সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় গোপন সভা করছে—এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১৫-২০ মিনিট গুলিবিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুজনকে আটক করা হয়। ঘটনায় পুলিশের দুই সদস্য আতাইকুলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজুল ইসলাম (৩২) ও কনস্টেবল জালালউদ্দিন (৩৫) আহত হন। রাতেই আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে গতকাল রোববার তাঁরা বাড়ি ফেরেন।
ওসি নুর-এ আলম বলেন, আটক ব্যক্তিরা নিজস্ব তৈরি একটি বাহিনী নিয়ন্ত্রণ করছিল। তাদের বিরুদ্ধে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে অস্ত্র আইন, পুলিশের কাজে বাধাদানও ডাকাতির চেষ্টা আইনে পৃথক দুটি মামলা করেছেন। মামলায় দুটিতে আটক দুজনসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কিছু ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।