সন্ত্রাসীদের হামলায় দুজন গুলিবিদ্ধসহ আহত ১০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার সন্ত্রাসীদের হামলায় দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার উপজেলার মাছিমপুর এলাকার সন্ত্রাসী মোহাম্মদ আলী ও তাঁর লোকজন পাবই এলাকার মিলন মিয়া নামের এক মুদি ব্যবসায়ীকে ধরে নিয়ে যায়। পরে মিলনকে মারধর করে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোহাম্মদ আলী ও তাঁর লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে মিলনের বাড়ির সামনে মহড়া দেয়। মিলনের পরিবারের লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে। এ সময় মোহাম্মদ আলী ও তাঁর লোকজন গ্রামবাসীর ওপর গুলি ছোড়ে ও চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে সালাম মিয়া ও জিন্নত আলী গুলিবিদ্ধ এবং আরও আটজন আহত হন। এ ছাড়া তারা কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
এলাকাবাসী সূত্র জানায়, আট মাস আগে মাছিমপুর এলাকার শওকত বাহিনীর প্রধান শওকত আলীকে অপহরণের পর তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর থেকে এ বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন শওকত আলীর ভাই মোহাম্মদ আলী।