সন্ত্রাসীদের হামলায় এসআইসহ আহত ৪, গ্রেপ্তার ৩
বরিশালের আগৈলঝাড়ায় দুটি চাঁদাবাজি মামলার আসামিকে গ্রেপ্তারের জের ধরে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে ও শ্যালকদের নেতৃত্বে একদল সন্ত্রাসী পুলিশের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে এএসআই মিজানুর রহমান তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার উপজেলার নগরবাড়ি গ্রামের ব্যবসায়ী গিয়াস উদ্দিন হাওলাদার ওরফে উমেদ আলী গিয়াসের এক মেয়ের সঙ্গে নিমারপাড় গ্রামের ব্যবসায়ী সেকেন্দার আলী মিয়ার ছেলের বিয়ের কথা পাকাপাকি হয়। গিয়াস উদ্দিন অভিযোগ করেন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম মূর্তজার শ্যালক ও উপজেলার নগরবাড়ি গ্রামের মোবাশ্বের আলী হাওলাদারের ছেলে আমিন আহম্মেদ (২৬) তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেকেন্দার আলীও অভিযোগ করেন, আমিন তাঁর কাছেও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় বিয়ের আসরে ভয়াবহ খেসারত দিতে হবে বলে হুমকি দেন। এ ঘটনায় সোমবার বিকেলে দুজনেই আগৈলঝাড়া থানায় আমিন আহম্মেদকে আসামি করে পৃথক মামলা করেন। পুলিশ ওই রাতেই আমিনকে গ্রেপ্তার করে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গতকাল সকালে আমিন আহম্মেদের ভাই নুরুল হোসেন, কাওছার হোসেনসহ একদল সন্ত্রাসী গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা চালানোর প্রস্তুতি নেয়। একপর্যায়ে তারা বাড়ির সবাইকে অবরোধ করে রাখে। গিয়াস উদ্দিন বিষয়টি আগৈলঝাড়া থানায় জানালে বেলা সাড়ে ১১টায় থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান, কনস্টেবল মজিদ ও কিবরিয়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপজেলা চেয়ারম্যানের ছেলে শাহবাজ খান ও নুরুল হোসেন, কাওছার হোসেনসহ তাঁদের সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিতে হামলা চালান। এতে চার পুলিশ সদস্য গুরুতর জখম হন। খবর পেয়ে দুপুর ১২টায় থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে নুরুল হোসেন ও কাওছারকে আটক করে পুলিশ।
চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে নুরুল হোসেন ও কাওছার হোসেন বলেন, ‘আমাদের নামে পুলিশ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।’ গ্রেপ্তার ব্যক্তিদের বাবা মোবাশ্বের আলী অভিযোগ করেন, পুলিশ উপজেলা চেয়ারম্যানের ছেলেকে গ্রেপ্তারের নামে তাঁদের স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে তছনছ ও অশ্লীল ভাষায় গালাগালসহ হয়রানি করছে। দুজনকে আটকের পর থানায় নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।
থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলার প্রধান হোতা শাহবাজ খানকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চালানো হয়েছে। বাড়ি তছনছ ও নির্যাতনের অভিযোগ সত্য নয়।
এ ব্যাপারে কথা বলতে উপজেলা চেয়ারম্যান গোলাম মূর্তজা খানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।