সন্ত্রাসীদের হামলায় শিশুসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া বাজারে গত মঙ্গলবার রাতে মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলেন শিশু মো. হাছান (১২) এবং আওয়ামী লীগের সমর্থক বেলাল হোসেন (২২) ও মো. সুমন (২৪)।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের সমর্থক বেলাল ও সুমনসহ কয়েকজন পদিপাড়া বাজারের মসজিদের ফটকের কাছে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় সাত-আটজন মুখোশধারী সন্ত্রাসী অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পাশের বাড়ি থেকে পান কিনতে বাজারে আসা শিশু হাছান গুলিবিদ্ধ হয়।
সূত্র জানায়, একপর্যায়ে সন্ত্রাসীরা বেলাল ও সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে আশপাশের লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শিশু হাছানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসাইন বলেন, কারা কী কারণে এ হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।