সন্দীপে কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
চট্টগ্রামের সন্দ্বীপে সোহেল রানা (৩৫) নামের তালিকাভুক্ত একজন সন্ত্রাসীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেগবাজ ব্রিজ এলাকায় রাস্তার পাশে একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত সোহেল সন্দ্বীপ থানার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মারামারির অভিযোগে ৭টি মামলা রয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহেল। উপজেলার টেগবাজ ব্রিজ এলাকায় এলে অন্ধকারের মধ্যে দুর্বৃত্তরা তাঁকে গুলি করলে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় তাঁকে কুপিয়ে রাস্তার পাশে সাঁওতাল খালে ফেলে দেওয়া হয়। ভোরে লোকজন তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ওসি শামসুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। কাউকে এখনো আটক করা যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।