সন্দেহ, অতঃপর...
চট্টগ্রামে মুদি দোকানি মো. ইলিয়াছ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত শনিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো মো. আজাদ (৩২), শেখ রাসেল (২২) ও লায়লা আক্তার (২৫)।
পুলিশ বলছে, ইলিয়াছের সঙ্গে পরকীয়ার সম্পর্ক থাকায় স্ত্রী তাকে (আজাদ) তালাক দিয়েছে—এই সন্দেহে আজাদ ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
গত ২৮ মে রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুরখীল এলাকার একটি বিল থেকে মো. ইলিয়াছের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী জোসনা আক্তার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাউজান থানায় মামলা করেন। গত শনিবার রাতে পুলিশ নগরের চান্দগাঁও থানার দক্ষিণ কুয়াইশ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. নাঈমুল হাছান প্রথম আলোকে বলেন, পানি ব্যবসায়ী আজাদ দক্ষিণ কুয়াইশের গাছতল এলাকায় তার স্ত্রী নাজু আক্তারের বাবার বাড়িতে থাকতেন। ওই বাড়ির পাশেই ছিল ইলিয়াছের দোকান। সেই সুবাদে নাজুর বাবার বাড়িতে ইলিয়াছের আসা-যাওয়া ছিল। দেড় মাস আগে আজাদকে তালাক দেন নাজু। আজাদের সন্দেহ, ইলিয়াছের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নাজুর। তাই তাকে তালাক দিয়েছে নাজু। এ কারণে ইলিয়াছকে খুনের পরিকল্পনা নেয় আজাদ। গত ২৫ মে প্রতিবেশী শেখ রাসেল, লায়লা আক্তার ও জোহায়েরের সঙ্গে বসে খুনের পরিকল্পনা করে আজাদ। ২৭ তারিখ রাতে রাউজানে দাওয়াত খেতে যাওয়ার কথা বলে ইলিয়াছকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন আজাদ ও শেখ রাসেল। পেছনে আরেকটি অটোরিকশায় ছিল লায়লা ও তার ভাই জোহায়ের। রাউজানের আবুরখীল এলাকায় একটি বড় বিলের পাশে নিয়ে ইলিয়াছকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে ছয়জন অংশ নেয়। জোহায়ের ও অটোরিকশার দুই চালক কমল ও হারুনকে খুঁজছে পুলিশ।
গতকাল রোববার গ্রেপ্তার তিনজনকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করা হয়। তারা সাংবাদিকদের বলে, আজাদের পরিকল্পনামতো ইলিয়াছকে খুন করা হয়।
হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আজাদ বলে, পরকীয়া না থাকলে নাজু তাকে তালাক দিত না।