সন্দেহজনক ঘোরাফেরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে আজ বুধবার সকালে মাগুরার শালিখা উপজেলার শতখালী বাজার এলাকা থেকে আবদুন নূর (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিষয়ের ছাত্র। বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন গ্রামে। 
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে শতখালী বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবদুন নূরকে পুলিশ সুপার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ৯ জুলাই তিনি এ অঞ্চলে ঘুরতে বের হন। কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল ঘুরে তিনি আজ সকালে মাগুরায় পৌঁছান। নড়াইল থেকে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলে তিনি মাগুরায় আসেন। এ পুলিশ কর্মকর্তা বলেন, তাঁর দেওয়া তথ্য যাচাই–বাছাই করে দেখা হচ্ছে। 
আজ বিকেল চারটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়ে আবদুন নূরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তাঁর সঙ্গে মোটরসাইকেলের চালকও রয়েছেন। 
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, আবদুন নূর গণিত বিভাগের ২০১২-২০১৩ বর্ষের ছাত্র। তাঁর ব্যাপারে যাবতীয় তথ্য মাগুরার পুলিশের কাছে পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।