সন্দেহভাজন আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরপুর ১০ নম্বর ও সন্ধ্যায় শ্যামপুরের ধলপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাউসার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সরদার (২৯)। তাঁরা ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ ছাড়া তাঁরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে ডিবি দাবি করেছে। এ নিয়ে নীলাদ্রি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হলো।
ডিবির উপকমিশনার (পূর্ব) মো. মাহবুব আলম প্রথম আলোকে বলেন, এর আগে নীলাদ্রি হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া নাহিয়ান ও মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে ছয়জনের নাম পাওয়া গেছে। এদের অন্যতম কাউসার ও কামাল সরদার। নীলাদ্রি হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের কারণ বেরিয়ে আসবে বলে মনে করেন ওই কর্মকর্তা।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নাহিয়ান ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। নীলাদ্রি হত্যার ঘটনায় জড়িত হিসেবে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা রেদোয়ানুল আজাদ রানার নাম এসেছে। রেদোয়ানুল আজাদসহ বাকি চারজন ধরা পড়লে হত্যাকাণ্ডের সূত্র মিলতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। তবে রিমান্ডে নাহিয়ান ও মাসুদ রানা নীলাদ্রি হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেন।
৭ আগস্ট দুপুরে রাজধানীর গোড়ানের ভাড়া বাসায় ঢুকে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় তাঁর স্ত্রী আশা মনি অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
এর আগে ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্লগার অভিজিৎ রায়, ৩০ মার্চ তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ীতে ওয়াশিকুর রহমান এবং ১২ মে সিলেট নগরের সুবিদ বাজারে অনন্ত বিজয় দাশকে খুন করা হয়।