
আদিবাসী তরুণীকে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। আজ বুধবার সকালে র্যাবের গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মন মাহমুদ প্রথম আলোকে এ তথ্য জানান।
এর আগে একই ঘটনায় তুষার নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল মঙ্গলবার র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। র্যাব সূত্রের দাবি, গতকাল রাতে রাজধানী থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। কখন, কোন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি।
আদিবাসী তরুণীকে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার বিষয়ে র্যাবের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম লাভলু। গতকাল রাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
গত বৃহস্পতিবার রাতে কুড়িল বিশ্বরোড থেকে ওই আদিবাসী তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। মেয়েটি যমুনা ফিউচার পার্কে একটি পোশাকের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। এ বিষয়ে মেয়েটি রাজধানীর ভাটারা থানায় মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, চলন্ত মাইক্রোবাসে পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।

র্যাবের ভাষ্য, গ্রেপ্তার হওয়া তুষার একটি বিদেশি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালান। বৃহস্পতিবার রাতে তিনি গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। মেয়েটি কাজ শেষে বের হওয়ার পর তাঁকে গাড়িতে তুলে নেওয়া হয়। চলন্ত গাড়িতে সহযোগীদের নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে তুষার।
র্যাব জানিয়েছে, গাড়িটি নিয়ে তুষার ও তার সহযোগী কয়েকবার কুড়িল ফ্লাইওভারে ওঠানামা করে। চলন্ত গাড়িতেই মেয়েটিকে ধর্ষণ করা হয়।
মেয়েটির স্বজনেরা গণমাধ্যমকে জানিয়েছেন, চলন্ত গাড়িতে অস্ত্রের মুখে মেয়েটিকে ধর্ষণের সময় একজনের ফোন বেজে ওঠে। তখন আরেকজন বলে, ‘তুষার তোর ফোন’। সেই থেকে মেয়েটির বর্ণনার সঙ্গে মিলিয়ে তুষার নামের সেই লোকটিকে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে মেয়েটি ভাটারা থানায় যে মামলা করেছেন, এতে সন্দেহভাজন বা আসামি হিসেবে তুষার বা অন্য কারও নাম উল্লেখ করা হয়নি। মামলায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন:
সেই তুষার গ্রেপ্তার