রাজধানীর মগবাজারে ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাকে গুলি করে ৩৩ লাখ ২৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সালাউদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে মগবাজারের পেয়ারাবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও ঘটনায় প্রকৃত জড়িত ও টাকার সন্ধান সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য পায়নি পুলিশ।
গত ২৪ মে দুপুরে রাজধানীর মগবাজারের আউটার সার্কুলার রোডে একটি বেসরকারি ব্যাংকের সামনে সেলিম আকতার নামের একজনকে গুলি করে ছিনতাইকারীরা। এ সময় তাঁর হাতে এবং তাঁর সহকর্মী পিন্টু রঞ্জন দাসের হাতে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গুলিবিদ্ধ অবস্থায় সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রমনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন পিন্টু। ঘটনার পর গত ২৬ মে কামাল নামের এক যুবককে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর বুধবার রাতে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে তাঁকে এক দিনের রিমান্ডে আনা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক মহিউদ্দিন বলেন, সালাউদ্দিনকেও সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ঘটনার সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কাজ করছে।