যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম এবং তাঁর বন্ধুকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হামলার কারণ সম্পর্কে অবশ্য এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
নিউইয়র্ক পুলিশ কর্তৃপক্ষ বলছে, মাওলানা আলাউদ্দিন আখুঞ্জি ও তাঁর বন্ধু তারা মিয়া ধর্মীয় বিশ্বাসের কারণে হামলার স্বীকার হয়েছেন—প্রবাসী বাংলাদেশিরা এমন অভিযোগ করলেও এর সপক্ষে এখনো কোনো প্রমাণ পায়নি পুলিশ। তবে এ সম্ভাবনা নাকচ করে দিচ্ছে না পুলিশ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পোস্ট গতকাল সোমবার জানিয়েছে, সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করেছে। তবে তাঁকে এখনো মামলায় অভিযুক্ত করা হয়নি। ৩৫ বছর বয়সের ওই লোককে রোববার রাতে নিউইয়র্কের ব্রুকলিন এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারী ইমামকে চিনতেন এবং তাঁদের গতিবিধির ওপর নজর রাখছিলেন।
নিউইয়র্কের কুইনসে গত শনিবার ওজোন পার্ক এলাকার আল-ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আখুঞ্জি ও তাঁর বন্ধু তারা মিয়াকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পুলিশ হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পদপ্রার্থী হিলারি ক্লিনটন এক টুইটারবার্তায় এই হত্যাকাণ্ডকে ‘হৃদয়বিদারক’ ঘটনা হিসেবে মন্তব্য করেছেন।
রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী অফিস থেকে এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের জন্য ট্রাম্প বা তাঁর কোনো বক্তব্যকে দায়ী করাকে ‘সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প সকল প্রকার অপরাধ ও সহিংসতার বিরুদ্ধে।
এর আগে যুক্তরাষ্ট্রের ‘কাউন্সিল অন ইসলামিক রিলেশনস’ এক বিবৃতিতে বলেছিল, এই হত্যাকাণ্ডের পেছনে ট্রাম্পের মুসলিমবিরোধী অবস্থান উসকানি হিসেবে কাজ করেছে।
রোববার দুপুরে নিউইয়র্ক শহরের একাধিক নির্বাচিত প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তা ওজোন পার্কের আল-ফোরকান জামে মসজিদে এসে স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন। এঁদের মধ্যে ছিলেন কুইন্স বরোর প্রেসিডেন্ট মেলিন্ডাকাৎস, নিউইয়র্ক কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক-ভিভেরিত এবং নিউইয়র্ক সিটির কম্পট্রোলার মার্ক স্ট্রিঙ্গার। জোহরের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে তাঁরা হত্যাকারীকে গ্রেপ্তার ও ন্যায়বিচারের কাজে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন।
হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। মেয়র বলেন, এই শহরের মুসলিম সম্প্রদায় যেকোনো সময় বিদ্বেষপূর্ণ আক্রমণের শিকার হতে পারে, এ কথা তিনি ভালো করেই জানেন। তিনি বলেন, ‘আমাদের শহরের এবং এই দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভক্তি ঠেকাতে আমাদের সর্বাত্মক চেষ্টা চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুনিকে ধরতে ও ন্যায়বিচার নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ ও প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ।’
প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম দেওরগাছ গ্রামে মাওলানা আলাউদ্দিনের আরেক পরিবার রয়েছে। সেখানে স্ত্রী কুলসুম বেগম এবং দুই ছেলে শাহনুর ও কফিল থাকেন। আলাউদ্দিনের পাঠানো অর্থেই তাঁদের সংসার চলে। ১৮ বছর আগে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ জামে মসজিদে ইমাম ছিলেন আলাউদ্দিন। এ সময় তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কুলসুম বেগমকে বিয়ে করেন।
কুলসুম বলেন, তাঁর স্বামী প্রতি মাসে ২০ হাজার টাকা করে পাঠাতেন। তা দিয়ে সংসারের খরচ চলত। দুই ছেলের আশা ছিল বাবা এবার তাদের সঙ্গে ঈদ করবেন। এখন পরিবারের প্রধান ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তাঁরা।