সন্দেহভাজন খুনিদের সম্পর্কে তথ্য পাননি তদন্তকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যাকাণ্ড
নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যাকাণ্ড

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় খুনের সময় সন্দেহভাজন ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোন নম্বরগুলো শনাক্ত করার দাবি করেছেন মামলার তদন্তকারীরা। তবে তাঁরা ওই নম্বরগুলো ব্যবহারকারীদের সম্পর্কে গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো তথ্য পাননি।
তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজন খুনিরা ঢাকার এক খুচরা বিক্রেতার কাছ থেকে কাগজপত্র ছাড়াই মুঠোফোনের সিম কার্ডগুলো কিনেছিল। খুনের ঘটনার সময় ব্যবহারের পরপরই ওই নম্বরগুলো বন্ধ করে দেওয়া হয়।
গত শুক্রবার রাজধানীর পূর্ব গোড়ানে ভাড়া বাসায় খুন হন ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়। ওই দিন রাতেই তাঁর স্ত্রী আশা মনি অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেন। এ মামলার তদন্তভার গত সোমবার আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে ন্যস্ত হয়। এ মামলায় গতকাল পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, খুনের ঘটনাটি খুব কাছে থেকে দেখা নীলাদ্রির স্ত্রী আশা মনি শুরু থেকেই বলছেন যে এক তরুণ বাসা ভাড়া চাওয়ার অজুহাতে ঘরে ঢুকে পড়েন। এরপর ওই তরুণ মুঠোফোন চেপে কাউকে ফোন করতেই তিনজন এসে নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে চলে যান।
ডিবির কর্মকর্তারা বলেন, ওই তথ্যের সূত্র ধরে গোড়ান এলাকার টাওয়ারে তাঁরা ঘটনার সময় চারটি মুঠোফোন নম্বরের অবস্থান শনাক্ত করেছেন। যেগুলো শুধু হত্যাকাণ্ডের সময়টাতেই কয়েক মিনিটের জন্য ব্যবহার করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা বলছেন, নতুন ও সস্তা মুঠোফোন সেটের ভেতর কাগজপত্র ছাড়া কেনা সিম কার্ড ঢুকিয়ে ব্যবহার করেছে খুনিরা। হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে ঢাকার এক খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ওই চারটি সিম কেনা হয়। হত্যাকাণ্ডের আগে-পরে মাত্র কয়েক মিনিট ওই নম্বরগুলো গোড়ান টাওয়ারে চালু অবস্থায় পাওয়া গেছে। এরপর থেকেই সেগুলো বন্ধ। সিম বিক্রেতা ওই ব্যবসায়ীকে শনাক্ত করে তার কাছ থেকে খুনিদের সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
এদিকে গতকাল নীলাদ্রি হত্যা মামলার আলামত পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সিআইডির পরীক্ষাগারে এসব আলামতের ফরেনসিক ও ডিএনএ পরীক্ষা করা হবে।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, গতকাল সিআইডির ফরেনসিক ল্যাবে মামলার বেশ কিছু আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া প্রযুক্তি ব্যবহার করেও তদন্ত চলছে।