যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে বাংলাদেশি নাজমা খানম ছুরিকাঘাতে খুন হওয়ার ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে নিউইয়র্ক পুলিশ। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দৌড়ে গিয়ে তাঁকে ছুরি দিয়ে আঘাত করছে।
তদন্তকারীরা বলেছেন, নাজমা খানম ডাকাতি, নাকি ‘হেইট ক্রাইম’-এর (ঘৃণাপ্রসূত অপরাধ) শিকার হয়েছেন, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তাঁরা। তবে পরিবার ও শুভানুধ্যায়ীদের দাবি, পরনের পোশাকের কারণেই তাঁকে খুন করা হয়েছে।
ঘটনার পরপরই তাঁর প্রতিবেশী খন্দকার দিল রওশন হোসেন বলেছিলেন, নাজমা খানম মাথায় হিজাব পরতেন ও ধার্মিক হিসেবে প্রতিবেশীদের কাছে পরিচিত ছিলেন। মুসলিম বলেই তিনি সম্ভবত হেইট ক্রাইমের শিকার হয়েছেন।
কুইন্সের জ্যামাইকা এলাকার নরমাল রোডে গত বুধবার স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে খুন হন নাজমা খানম (৬০)। তাঁর বাড়ি শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া গ্রামে। তিনি ২০০৯ সাল থেকে স্বামী শামছুল আলম ও এক সন্তান নিয়ে নিউইয়র্কে থাকতেন।
পরিবারের সদস্যরা বলেছেন, ঘটনার সময় স্বামী শামছুল আলমের সঙ্গে নিজেদের মুদিদোকান থেকে বাসায় ফিরছিলেন নাজমা খানম। পথে শামছুল আলম অ্যাজমায় আক্রান্ত হয়ে পড়লে তিনি পিছিয়ে পড়েন। এর কিছু পরই নাজমার আর্তচিৎকার শোনা যায়।