সন্দেহভাজন ছিনতাইকারীদের আঘাতে একজন জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকরাইল এলাকায় এক ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সন্দেহভাজন ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি জখম হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাতে কথিত ছিনতাইয়ের ঘটনাটি ঘটে বলে ভুক্তভোগী ব্যক্তির সহযোগীর ভাষ্য।

ভুক্তভোগীর নাম ইমাম হোসেন (৩৫)। তিনি বিদেশে লোক পাঠানোর ব্যবসা করেন বলে বলা হচ্ছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ইমাম হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর সহযোগী পরিচয় দেওয়া রেজাউল করিম। তাঁর ভাষ্য, তাঁরা দুজন রিকশায় ছিলেন। কালো রঙের একটি গাড়ি এসে রিকশার গতিরোধ করে। গাড়ি থেকে নেমে আসা কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে ইমাম হোসেনের কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে নেয়। তিনি চিৎকার করলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

হাসপাতাল সূত্র জানায়, ইমাম হোসেনের পিঠে ও ডান হাতে জখমের চিহ্ন রয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।