সন্দেহভাজন ডাকাতদের 'গোলাগুলি', নিহত ২
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সন্দেহভাজন দুই দল ডাকাতের মধ্যে কথিত গোলাগুলিতে দুজন নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গহিন পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশের ভাষ্য।
নিহত দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদের ভাষ্য, ব্যাপক গোলাগুলির শব্দ শুনে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশের তিনটি দল ঘটনাস্থলে যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি চলছে বলে জানতে পারে পুলিশ। আবদুল হাকিম ওরফে হাকিম ডাকাত ও নুরুল হাকিম ওরফে শিয়াল্যা ডাকাত—এই দুজনের দলের মধ্যে ঘণ্টা খানেক গোলাগুলি হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পাওয়া যায়। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসা কর্মকর্তা বলেন, নিহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে। নিহত দুজনের পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।