সন্দেহভাজন ডাকাতের গুলিতে নিহত ১
পটুয়াখালী সদর উপজেলায় সন্দেহভাজন ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পশ্চিম আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শাহজাহান হাওলাদার (৬৫)। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, দিবাগত রাত দেড়টার দিকে পশ্চিম আউলিয়াপুর গ্রামের হাওলাদার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। বাড়ির বাসিন্দাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় ডাকাতেরা গুলি ছোড়ে। গুলিতে একজন নিহত হন। পরে ডাকাতেরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির লাশ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, সন্দেহভাজন ডাকাতদের ধরার চেষ্টা চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হবে।