সন্দেহভাজন তিন ডাকাত আটক
ফরিদপুর র্যাব ক্যাম্প বলেছে, তারা ফরিদপুর ও মাদারীপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার র্যাবের এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
আটক তিনজন হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের মো. লাভলু শেখ (৩৫) এবং ঘোষালকান্দি গ্রামের মো. আবদুস সামাদ (২০) ও মো. জাকারিয়া শেখ (২০)।
ফরিদপুর র্যাব ক্যাম্পে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের মো. ইমারত আলী শেখের বাড়িতে গত শনিবার দিবাগত রাতে ডাকাতি হয়। ইমারত আলী রোববার দুপুরে ফোন করে র্যাবকে বিষয়টি অবগত করেন। ডাকাত দলটির কয়েকজন সদস্য ফরিদপুর শহরে অবস্থান করছে বলেও তিনি জানান। এর ভিত্তিতে মুঠোফোন নম্বরের অবস্থান অনুসরণ করে রোববার বেলা সাড়ে তিনটার দিকে ফরিদপুর শহরের নিলটুলী স্বর্ণপট্টি থেকে লাভলু শেখকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রাম থেকে আটক করা হয় মো. আবদুস সামাদ ও মো. জাকারিয়া শেখকে। পরে ঘোষালকান্দি গ্রামের মোক্তার শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, তিনটি গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা পেশাদার সন্ত্রাসী ও আন্তজেলা ডাকাত দলের সদস্য। র্যাব বাদী হয়ে গতকাল তাঁদের বিরুদ্ধে রাজৈর থানায় একটি মামলা করেছে।