সন্দেহভাজন তিন যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় গত মঙ্গলবার রাতে সন্দেহভাজন হিসেবে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রিমান্ডের আবেদন করে তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কাটাখালী গ্রামের রাজু সরদার (২৮), টেংরাপাড়া গ্রামের জসিম শেখ (২৮) ও সাগর শেখ (১৯)।
এর আগে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার বিকেলে কাঁচরন্দ গ্রামের বাসিন্দা সুশান্ত কুমার শীল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল বুধবার দুপুরে রাজবাড়ীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠায় পুলিশ। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রিমান্ডের শুনানি হবে।
পুলিশের হেফাজতে থাকাকালে ওই তিন ব্যক্তি প্রথম আলোকে বলেন, তাঁরা ভাঙচুরের ঘটনার কিছুই জানেন না। পুলিশ তাঁদের বাড়ি থেকে তুলে এনেছে মঙ্গলবার বিকেলে। পরে গ্রেপ্তার দেখিয়েছে।
উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাঁচরন্দ গ্রামে দুবৃত্তরা গত সোমবার রাতে মন্টু কুমার শীল, পলান কর্মকার, সুশান্ত কুমার শীল ও পার্থ দাসের বাড়ির মন্দিরে ভাঙচুর করে এবং রতন কর্মকারের বাড়ি থেকে প্রতিমা চুরি করে নিয়ে যায়।