চট্টগ্রামের মিরসরাইয়ের আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গুলি করে টাকা লুটের ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে লুট হওয়া সাড়ে ১৪ লাখ টাকা গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি।
গত রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। টাকা লুটের ঘটনায় পুলিশ শাহ মোজাম্মেল ও সাজ্জাদ হোসেন আরাফাত নামে দুজনকে আটক করেছে।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। টাকা লুটের ঘটনায় জড়িত সবাইকে ধরতে অভিযান চলছে।
টাকা লুটের ঘটনায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে গত রোববার রাতে মিরসরাই থানায় মামলা করেন গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান গাঙচিল ফিলিং স্টেশনের সহকারী ব্যবস্থাপক আবদুল জলিল।
গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় পূবালী ব্যাংকের সামনে উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এমরান উদ্দিন, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও গাড়িচালক বরুন চৌধুরীকে গুলি করে দুর্বৃত্তরা। গাড়িতে থাকা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সাড়ে ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এমরান উদ্দীনের বড় ভাবি রাশেদা আক্তার জানান, গুলিবিদ্ধ তিনজনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।