সন্দেহভাজন দুজনকে পুলিশে ধরিয়ে দিল এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে জড়িত সন্দেহে দুই যুবককে পুলিশে ধরিয়ে দিয়েছে এলাকাবাসী।
গতকাল রোববার দুপুরে আবুল কালাম আজাদ ও সজল নামের ওই দুজনকে দাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে তুলে দেওয়া হয়। শিশুটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ছাত্রীর পরিবার জানায়, গত ১২ মে সকালে ইউনিয়নের সাংগীভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদ ও সজল শিশুটিকে ফুসলিয়ে বাড়ি থেকে সোমালিয়ার বিলে নিয়ে যায়। ধর্ষণের পর শিশুটিকে ফেলে পালিয়ে যায় দুজন। দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়।
গতকাল সকালে এলাকাবাসী দুজনকে ধরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসে। পরে দুপুরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইছমাইল হোসেন জানান, শিশুর অভিভাবক ইউনিয়ন পরিষদে অভিযোগ করার পর গতকাল জড়িত দুজনকে গ্রামবাসী ও গ্রাম পুলিশের সহগযোগিতায় আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
দাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জহির উদ্দিন জানান, শিশু ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।