সন্দেহভাজন পাঁচ আনসারুল্লাহ সদস্যের রিমান্ড
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য সন্দেহে গ্রেপ্তার পাঁচজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের শুনানি শেষে এ আদেশ দেন।
এই পাঁচজন হলেন চট্টগ্রাম কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র আক্কাস আলী ওরফে জাহেদুল ইসলাম, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের এমকমের ছাত্র আতিকুল হাসান, নগরের ওমরগণি এমইএস কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র জামশেদুল আলম, বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. রুবেল ও একটি মাদ্রাসার সাবেক ছাত্র মো. মহিউদ্দিন।
এই আদালতের সরকারি কৌঁসুলি মো. নোমান চৌধুরী প্রথম আলোকে বলেন, এবিটির সদস্য সন্দেহে গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফতাব হোসেন ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার রাত পৌনে একটার দিকে নগরের পতেঙ্গা কাঠগড় এলাকার একটি ভাড়া বাসা থেকে এই পাঁচজনকে গ্রেপ্তারের দাবি করেছে নগর গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, এ সময় তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ, আটটি মুঠোফোন ও ১১টি উগ্রবাদী জিহাদি বই উদ্ধার করা হয়। ছাত্রশিবিরের সাবেক সাথি আক্কাস তাঁদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। পুলিশের অভিযান টের পেয়ে তিন থেকে চারজন পালিয়ে যান। জামায়াত-শিবিরের কর্মীরা এবিটির সঙ্গে যুক্ত হচ্ছে। তারা জঙ্গিদের দিয়ে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছে।
এই পাঁচজনের বিরুদ্ধে গতকাল সোমবার চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এই মামলায় আজ তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।