ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা মাসুদ শিকদার (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে প্রবীর মিত্র (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল বুধবার দুপুরে উপজেলার শৌলজালিয়া খেয়াঘাট থেকে তাঁকে আটক করা হয়। এদিকে গতকাল বুধবার বিকেলে খুনিদের ফাঁসির দাবিতে স্থানীয় সাতানি বাজারে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মামলার বাদী নিহত মাসুদের ভাই মামুন সিকদার জানান, বুধবার দুপুরে উপজেলার সাতানি বাজারের পল্লি চিকিৎসক বঙ্কিম মিত্রের ছেলে প্রবীর মিত্র মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় শৌলজালিয়া খেয়াঘাট থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়। মাসুদ হত্যার পর থেকে প্রবীরের চলাফেরায় আমাদের সন্দেহ হয়েছিল।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, আটক প্রবীর মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ সিকদার গত শুক্রবার রাতে সাতানি বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। এর দুই দিন পর সোমবার বিষখালী নদীর রগুয়ারচর এলাকা থেকে সকালে তাঁর মাথা, ওই দিন দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে দুটি হাত ও সন্ধ্যায় কাঁঠালিয়া নদীর পাড় থেকে একসঙ্গে বাঁধা দুটি পা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুদের ছোট ভাই মামুন সিকদার বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার প্রথম অলোয় ‘এক জেলায় মাথা অন্য জেলায় হাত’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।