সন্দেহভাজন মানবপাচারকারী 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দলের সঙ্গে আজ রোববার ভোররাতে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। ডিবির ভাষ্য, নিহত ব্যক্তি তালিকাভুক্ত মানবপাচারকারী। তাঁর নাম মো. জাফর মাঝি (৩৮)। বাড়ি উপজেলার পশ্চিম সোনারপাড়া গ্রামে।

ডিবির দাবি, কক্সবাজার উপকূল দিয়ে ট্রলারে করে বঙ্গোপসাগর হয়ে থাইল্যান্ড ও মালয়েশিয়ার মানবপাচারের সঙ্গে জাফর মাঝি জড়িত। তাঁর বিরুদ্ধে উখিয়া ও কক্সবাজার থানায় চারটি মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেনের ভাষ্য, আজ ভোররাত তিনটার দিকে পশ্চিম সোনারপাড়া সমুদ্রসৈকতে একটি আস্তানায় মানবপাচারের প্রস্তুতি নিচ্ছিলেন জাফর ও তাঁর সহযোগীরা। এ খবর পেয়ে ডিবির নেতৃত্বে একটি দল সেখানে যায়। কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মানবপাচারকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছো​ড়ে। ১০-১৫ মিনিট ধরে চলে এ বন্দুকযুদ্ধ। একপর্যায়ে মানবপাচারকারী দ​লটি পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জাফরকে উদ্ধার করা হয়। পাওয়া যায় একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে জাফরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি দেওয়ান আবুল হোসেন দাবি করেন, বন্দুকযুদ্ধে ডিবির কনস্টেবল সোহেল ও আনসার সদস্য মনির হোসেন আহত হয়েছেন।