সন্দেহভাজন যুবক 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলীর দ্বীপনগর বেড়িবাঁধে গতকাল বুধবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাহফুজ ওরফে শাহাদাত ওরফে আলবানী ওরফে আবদুল্লাহ বাকী ওরফে রেজাউল ওরফে হুজ্জাত ওরফে মেম্বর (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ডিবি বলেছে, নিহত রেজাউল পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে গ্রেনেড হামলার ঘটনায় জড়িত। তিনি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একটি অংশের সামরিক প্রধান।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) জানায়, হোসেনি দালানে গ্রেনেড হামলার ঘটনায় রাশেদ, সালমানসহ চারজনকে গতকাল আটক করা হয়। ডিবির ভাষ্য, রাতে জিজ্ঞাসাবাদে রাশেদ জানান, বুধবার (গতকাল) রাত সাড়ে ১১টার দিকে গাবতলীর দ্বীপনগরের বেড়িবাঁধে একটি বালুর মাঠে সহযোগীদের সঙ্গে তাঁর একটি সভা করার কথা ছিল। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের কয়েকটি দল যৌথভাবে রাত সাড়ে ১১টার দিকে রাশেদকে নিয়ে ওই বালুর মাঠে যায়। পুলিশের গাড়ি থেকে রাশেদকে নামতে দেখে তাঁর সহযোগীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ডিবিও পাল্টা গুলি চালায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এতে এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাঁকে রেজাউল বলে শনাক্ত করে তাঁর সহযোগীরা। দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গৌতম দাস গুলিবিদ্ধ অবস্থায় রেজাউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে এএসআই গৌতম দাস বলেন, রেজাউলের শরীরে একাধিক গুলি লেগেছে।
ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৪ নভেম্বর আশুলিয়ায় তল্লাশিচৌকিতে পুলিশ হত্যা এবং এর আগে গত এপ্রিলে একই এলাকার বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতি করে আটজনকে হত্যার ঘটনায় তাঁর জড়িত থাকার তথ্য রয়েছে। রেজাউল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যায় সরাসরি অংশ নেন বলেও গ্রেপ্তার হওয়া তাঁর সহযোগীরা স্বীকার করেছে।