সন্দেহভাজন রাশেদ আটক বলে দাবি বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলার সন্দেহভাজন আসামি নুর ইসলাম ওরফে রাশেদের বাবা দাবি করেছেন, তাঁর ছেলেকে পুলিশ ধরে নিয়ে অস্বীকার করছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

এর আগে সন্দেহভাজন আসামি মুছার স্ত্রী পান্না আক্তার, গ্রেপ্তার হওয়া আসামি সাইদুল আলম ওরফে সাকু ও শাহজাহানও দাবি করেছেন, পুলিশ তাঁদের ৭ থেকে ১০ দিন আগে ধরে আটকে রাখে।

আজ শনিবার সংবাদ সম্মেলনে রাশেদের বাবা আহাম্মদ হোসেন দাবি করেন, তাঁর ছেলেকে গত ২৩ জুন সকাল ৬টা ২০ মিনিটে বোয়ালখালী উপজেলার গোস্তারপাড় মিলিটারিপোল এলাকায় ইলিয়াছ নামের তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায়। ছেলের সঙ্গে নবীও ছিলেন। কিন্তু পুলিশ অস্বীকার করছে। ২৯ জুন তাঁর ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ।

রাশেদের বাবা বলেন, ‘গ্রেপ্তারের পর কেন অস্বীকার করা হচ্ছে? নিত্যদিন পত্রপত্রিকায় গুম-খুনের খবর দেখে উদ্বেগ-উৎকণ্ঠায় থাকি।’ তিনি সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানান, তাঁর ছেলেকে আদালতে চালান দেওয়া হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাশেদের বোন রহিমা আক্তার, শামসুন নাহার ও ভাগনে মো. মাসুদ।

সন্দেহভাজন আসামি মুছার স্ত্রী পান্না আক্তার দাবি করেছেন, ২২ জুন নগরের বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁর স্বামীকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। এ ছাড়া মুছার বড় ভাই গ্রেপ্তার সাইদুল শিকদার ও আরেক আসামি শাহজাহান গতকাল শুক্রবার বিকেলে আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে জানিয়েছেন, ৭ থেকে ১০ দিন আগে পুলিশ তাঁদের থানায় আটকে রাখে।

মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান আজ দুপুরে বলেন, রাশেদ, কালু, মুছাসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তাঁরা পুলিশ হেফাজতে নেই। রাশেদকে পুলিশ ধরেনি।

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা আক্তার। হত্যাকাণ্ডের পর তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পুলিশ বলছে, গ্রেপ্তার আনোয়ার ও ওয়াসিম জবানবন্দিতে বলেছেন, মাহমুদা হত্যার পুরো বিষয়টির সমন্বয় করেন মুছা। হত্যাকাণ্ডে অংশ নেন মুছা, নবী, ওয়াসিম, কালু, রাশেদ, শাহজাহান, আনোয়ারসহ সাত-আটজন। তবে পুলিশ বলছে, তাঁদের আটক কিংবা হেফাজতে নেয়নি। পুলিশের দাবি অনুযায়ী, এখনো পলাতক রয়েছেন হত্যাকাণ্ডে অংশ নেওয়া মুছা, মো. কালু, মো. রাশেদ ও নূর নবী।