ঝালকাঠির রাজাপুরে মুক্তিযোদ্ধা আবদুস সালাম খান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুই দিনমজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের ফারুক মুন্সি (৪২) ও গড়াইয়া গ্রামের মো. বাদশা (৪০)। মামলার এজাহারে তাঁদের নাম নেই। গতকাল শনিবার বিকেলে আবদুস সালাম খান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ রোববার আদালতে আবেদনের শুনানি হবে।
ফারুক মুন্সি রাজাপুর থানা হাজতে বসে বলেন, ‘মুই গরিব মানুষ, ঢাকায় রিকশা চালাই। ঘটনার দুই দিন পর আমি বাড়ি আইছি। এই ঘটনার আগাগোড়া কিছুই জানি না মুই। বিনা অপরাধে আমারে ধইর্যা আনছে।’
ফারুক মুন্সির ছেলে মো. পারভেজ অভিযোগ করেন, ‘বাবা ঢাকায় রিকশা চালান। তিনি ঘটনার দিন ঢাকায় ছিলেন। ঘটনার দুই দিন পর তিনি এলাকায় আসেন। পুলিশ মিডিয়ার সামনে আসামি ধরার কৃতিত্ব নেওয়ার জন্য তাঁর নিরীহ বাবাকে বিনা অপরাধে আটক করেছে। আমরা জানতে পেরেছি বাদী আসামিদের নাম উল্লেখ করে মামলা করেছেন। সেখানে পুলিশ নিরপরাধ লোকজনদের হয়রানি করা হচ্ছে।’
মো. বাদশা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মানসের কাম কইর্যা রোজগার করি, বউ-বাচ্চার মোহে দুগ্গা ভাত জোগাই। এই ঘটনার বিষয়ে মুই কিছুই জানি না। খালি খালি মোরে হ্যারা ধইর্যা আনছে।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, তাঁরা এজাহারভুক্ত আসামি নন, তবে ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
গত সোমবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা আবদুস সালাম খান (৬২) তাঁর প্রতিষ্ঠিত আবদুর রহমান কিন্ডারগার্টেনের এক শিক্ষিকার পাওনা টাকা পরিশোধ করতে পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের বকুলতলা এলাকায় যান। এ সময় স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন ব্যক্তি আবদুস সালামের সঙ্গে ওই শিক্ষিকার অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাঁকে দুই দফা মারপিট করেন। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তিনি ভান্ডারিয়া শহরের বাসভবনে মারা যান।