ধামরাইয়ে স্বর্ণের দোকানে ডাকাতি
সন্দেহভাজন ১১ ব্যক্তি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও মাইক্রোবাস উদ্ধার
ঢাকার ধামরাইয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে কয়েক ভরি স্বর্ণালংকার ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সুমন (৩২), হাফিজুল (৪০), শহীদ (২৮), আকবর (৪২), হাবিব (৩৫), জাফর (২৫), বাবুল (৪০), মনির (২৮), দাউদ (৪০), হারুন (২৫) ও মুন্না (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া লোকজনের মধ্যে সুমন, হাফিজুল ও শহীদ গত রোব ও সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে দেওয়া জবানবন্দিতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আর আকবর, হাবিব ও জাফরকে তিন দিনের এবং বাবুল ও মনিরকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে সোম ও মঙ্গলবার তাঁদের রিমান্ডে আনা হয়।
গত ১৬ নভেম্বর রাতে একদল দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে এসে ধামরাই বাজারের প্রধান সড়কের রাজমনি জুয়েলার্সে ঢুকে দোকানমালিকসহ কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এর আগে তারা ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, ঘটনার পর দোকানমালিক রিপন কুমার পাল ধামরাই থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। পরে প্রযুক্তির সাহায্য নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী হাবিব ও আকবরের কাছ থেকে প্রায় সাত ভরি স্বর্ণালংকার এবং খিলগাঁও থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাঁদের বিরুদ্ধে কেরানীগঞ্জ, সিলেট, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতির অভিযোগ রয়েছে। ইতিমধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ধামরাইয়ের ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ওসি বলেন, ডাকাতির ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত। তাদের অনেকেই এসব ঘটনায় নেতৃত্ব দিয়ে থাকে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।