সন্দেহভাজন ৫ জনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের দিন জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার পাঁচ আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ আদালতের মুখ্য বিচারিক হাকিম আ. ছালাম খান এ আদেশ দেন।

আদালত সূত্র বলেছে, আসামিদের বিরুদ্ধে জঙ্গি হামলার তথ্যপ্রমাণ না পাওয়ায় তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান আদালতে পাঁচজনের অব্যাহতির আবেদন করেন। বিচারক আবেদন গ্রহণ করে আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। তাঁরা হলেন তারা মিয়া (৫৫), মো. সোহেল মিয়া (২০), আরিফুল ইসলাম হাসিব (৩২), আছান উল্লাহ (২৩) ও মামুনুর রশিদ মামুন (২৮)।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. মীর মোশাররফ হোসেন বলেন, ঘটনার দিন ও পরে সন্দেহভাজন হিসেবে আটক করা পাঁচজনকে পুলিশ ১১ জুলাই কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তাঁরা শোলাকিয়া হামলার ঘটনার সঙ্গে জড়িত না থাকায় গতকাল তাঁদের মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে হাজির করে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে তল্লাশিচৌকিতে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় দুই পুলিশ সদস্য, স্থানীয় এক গৃহবধূ ও এক জঙ্গি নিহত হয়।