সন্দেহে আটক, হেনস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
  • সন্দেহভাজন বলে আটক ৬৭ বছরের স্ত্রীর জন্য শাহবাগ থানার সামনে বসে ছিলেন ৭২ বছরের একজন প্রবীণ নাগরিক
  • প্রায় ২৮ ঘণ্টা থানায় আটক থাকার পর দুপুরে জুমার নামাজের আগে আগে মুক্তি মেলে ওই বৃদ্ধা ও তাঁর চালকের।

শাহবাগ থানার বারান্দায় গতকাল শুক্রবার সকালে বসে ছিলেন ৭২ বছর বয়সী এক বৃদ্ধ। ঢাকার একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ তিনি। বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আটক করে পুলিশ। খবর পেয়ে দুপুর থেকে তিনিও তাই থানায় রয়ে গেছেন।

প্রথম আলোকে ওই বৃদ্ধ বলছিলেন, তাঁর স্ত্রীর বয়স ৬৭ বছর। খালেদা জিয়ার রায় উপলক্ষে ভাঙচুর হতে পারে, এমন আশঙ্কায় তিনি ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হননি। একটি সিএনজিতে করে চালককে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সিএনজি থেকে নামার সঙ্গে সঙ্গে চালকসহ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। প্রায় ২৮ ঘণ্টা থানায় আটক থাকার পর দুপুরে জুমার নামাজের আগে আগে মুক্তি মেলে ওই বৃদ্ধা ও তাঁর চালকের।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থানায় আটক ব্যক্তিদের জনা পঞ্চাশেক স্বজনের জটলা দেখা যায়। প্রায় আড়াই ঘণ্টা সেখানে অবস্থান করে ওই বৃদ্ধার মতো আরও কিছু স্বজনকে পাওয়া যায়, যাঁদের ভাষ্য ছিল তাঁদের আটক স্বজনেরা নিরপরাধ। কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কেউ অসুস্থ স্বজনকে দেখতে এসেছিলেন কেউবা জরুরি ব্যবসায়িক কাজে বেরিয়েছিলেন। তাঁদের কারও বিরুদ্ধে কোনো মামলা নেই। শুধু ‘সন্দেহভাজন’ হিসেবে তাঁদের আটক করে নিয়ে আসা হয়েছে।

এসব স্বজনের কাছ থেকেই জানা যায়, বৃহস্পতিবার ৬১ জন পুরুষ এবং ১১ জন মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তাঁরা বিএনপির নেতা, কর্মী বা সমর্থক কি না, তা প্রাথমিকভাবে যাচাই করতে মুঠোফোনে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্টেও তল্লাশি চালানো হয়। যাঁদের ফেসবুকে খালেদা জিয়ার ছবি বা বিএনপিসংক্রান্ত কোনো পোস্ট পাওয়া গেছে, তাঁদের ছাড়া হয়নি। আর যাঁদের বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি, তাঁদের রাত তিনটার দিকে ছেড়ে দেওয়া হয়।

তবে সন্দেহভাজন হিসেবে আটক ব্যক্তিদের গ্রেপ্তার ও ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি শাহবাগ থানার ওসি আবুল হাসান। তিনি শুধু বলেন, ৬৪ জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে ৪৭ জনকে তাঁরা দুটি মামলায় আদালতে সোপর্দ করেন।

শাহবাগ থানার সামনে দাঁড়ানো ছিলেন আদাবর থেকে আসা দুই ব্যক্তি। তাঁদের এক বন্ধু থানার হাজতে রয়েছেন। বুটিক কারখানার ব্যবসা রয়েছে তাঁর। তাঁদের ভাষ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অসুস্থ স্বজনকে দেখতে মোটরসাইকেলে করে তিনি এসেছিলেন। এ-সংক্রান্ত প্রমাণও তাঁদের কাছে রয়েছে। কিন্তু পুলিশ কিছুই শোনেনি।

১৭-১৮ বছর বয়সী এক তরুণ দাঁড়িয়ে ছিলেন তাঁর ভাইয়ের জন্য। শাহবাগের একটি দোকানে সে চাকরি করে। সকালে সেখানে আসার পথে সন্দেহভাজন হিসেবে তাকেও আটক করা হয়।

‘সন্দেহভাজন’ হিসেবে আটক হওয়া ব্যক্তিদের যেসব স্বজন থানার সামনে জড়ো হয়েছিলেন, তাঁরা ছিলেন বিরক্ত। এক স্বজন বলেন, ‘পুলিশ কয় তারা পাবলিকের বন্ধু। অথচ থানার গেট আটকায়া রাখে। মন চাইল ধরে নিয়ে আসল। কথাও শুনতে চায় না।’