সন্দেহে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার দায় স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিনের কফিনের পাশে তাঁর দুই বোন পারুল বেগম, নাসিমা বেগমসহ স্বজনদের আহাজারি। গতকাল সকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার টুকা ভরাউট গ্রামে নিজ বাড়িতে নেওয়া হয় মরদেহ l ছবি: প্রথম আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিনের কফিনের পাশে তাঁর দুই বোন পারুল বেগম, নাসিমা বেগমসহ স্বজনদের আহাজারি। গতকাল সকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার টুকা ভরাউট গ্রামে নিজ বাড়িতে নেওয়া হয় মরদেহ l ছবি: প্রথম আলো

হাতে কোনো সূত্র না থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিন হত্যার জন্য উগ্রপন্থীদেরই সন্দেহ করছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, নাজিম জঙ্গিবাদ ও ধর্মান্ধতার সমালোচনা করে বিভিন্ন সময় ফেসবুকে লিখেছেন। তাঁকে হত্যার ধরন দেখে উগ্রপন্থীদের সন্দেহ করা হচ্ছে।
এদিকে জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলছে, আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম ব্লগার নাজিম উদ্দিনকে হত্যার দায় স্বীকার করেছে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আল-কায়েদা এটা করুক বা না করুক, আমরা মনে করছি জঙ্গিগোষ্ঠী এ ঘটনা ঘটিয়েছে।’
নাজিম হত্যা মামলার ছায়া তদন্তের সঙ্গে যুক্ত মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-পূর্ব) উপকমিশনার মো. মাহবুব আলম বলেন, নাজিম অনলাইন অ্যাকটিভিস্ট ছিলেন। তিনি ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। ওই কারণে তাঁকে খুন করা হতে পারে।
দেশে এর আগে একই কায়দায় ছয়জন ব্লগার ও প্রকাশককে খুন করা হয়েছে। ওই সব ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম জড়িত ছিল বলে এর আগে বিভিন্ন সময় পুলিশ বলেছে। তবে ওই সব ঘটনার মধ্যে কেবল ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার বিচার হয়েছে। এতে দুজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন ও পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। বাকি পাঁচটি ঘটনার মধ্যে চারটির এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। কেবল ঢাকার তেজগাঁওয়ে ব্লগার ওয়াশিকুর রহমান হত্যার ঘটনায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাতে আনসারুল্লার পাঁচ সদস্যকে আসামি করা হয়েছে। অবশ্য ওয়াশিকুরকে হত্যার পর ঘটনাস্থল থেকেই দুজনকে হিজড়ারা ধরে ফেলেন। ফলে ওই হত্যা মামলার তদন্ত সহজসাধ্য হয়।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজীবকে হত্যার মধ্য দিয়ে দেশে ব্লগার হত্যা শুরু হয়। এই হত্যার মধ্য দিয়ে আনসারুল্লাহর নামটি প্রথম জানাজানি হয়। দুই বছর পর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিজ্ঞানবিষয়ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে হত্যার মধ্য দিয়ে আবার ব্লগার হত্যা শুরু হয়।
বহুল আলোচিত অভিজিৎ হত্যার পর ১৩ মাস পার হলেও খুনিদের ধরতে পারেনি পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিভিন্ন সময়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত এই হত্যায় তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন অভিজিৎ হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান। তিনি বলেন, হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তারের কাজ চলছে।
পুলিশ আশাবাদ ব্যক্ত করলেও ছেলের খুনিরা ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায়। তিনি পুরান ঢাকায় নাজিমকে খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে গতকাল প্রথম আলোকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেটাও লেখালেখি করত। পুলিশ তাকে রক্ষা করতে পারল না। একই কায়দায় খুন করা হলো। ছেলেটাকে প্রটেকশান দিতে পারত, থানায় ডেকে সতর্ক করতে বা লেখালেখি বন্ধ করতে বলতে পারত।’
গত বুধবার রাত পৌনে আটটার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের একরামপুরে নাজিম উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নাজিম উদ্দিন গণজাগরণ মঞ্চের শুরু থেকে সিলেটে একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজারের টুক ভরাউট গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর লাশ দাফন করা হয়েছে।

নাজিম উদ্দিন হত্যার বিচার এবং শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
নাজিম উদ্দিন হত্যার বিচার এবং শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

এর আগে গতকাল ভোরে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নাজিমের লাশ নিয়ে যাওয়া হয়। ছেলের হত্যার খবর শোনার পর থেকে নাজিমের মা তহিরুন নেছা ছিলেন নির্বাক। ছেলের লাশ দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন। ‘আমি একলা থাকতাম পারমুনি, আমার পুয়ায় জিগাইতো। এখন হে-উ আমারে একলা পালাইয়া গেলগি’ বিলাপ করছিলেন মা। পরে তিনি বলেন, প্রায় তিন মাস ছেলে বাড়িতে আসেনি। প্রতিদিন কয়েকবার ফোনে ছেলের সঙ্গে কথা হতো। ঘটনার আগের দিন ছোট বোনকে ফোন করে বলেছিল বৃহস্পতিবার বাড়ি আসবে।
এদিকে নাজিম হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের বিয়ানীবাজার উপজেলা শাখা আগামী সোমবার শহরে মানববন্ধন কর্মসূচি দিয়েছে।
নাজিম হত্যার ঘটনায় ঢাকার সূত্রাপুর থানায় মামলা করে পুলিশ। গতকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মামলার তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নূরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, নাজিম সিলেটে গণজাগরণ মঞ্চের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। ধারণা করা হচ্ছে, সিলেট থেকেই নাজিমকে টার্গেট করা হয়েছে। ওই শত্রুতার সূত্র ধরে দুর্বৃত্তরা তাঁকে অনুসরণ করে আসছিল এবং সুযোগ বুঝে পুরান ঢাকার একরামপুর মোড় হত্যাকাণ্ডের স্থান হিসেবে বেছে নিয়েছে।
নাজিমকে হত্যার আগে এ ধরনের সর্বশেষ ঘটনা ঘটে গত বছরের ৩১ অক্টোবর। ওই দিন দুপুরে রাজধানীতে দুই প্রকাশকের কার্যালয়ে হামলা করে দুর্বৃত্তরা। এই দুই প্রকাশকই অভিজিতের বই প্রকাশ করেছিলেন। এর মধ্যে শাহবাগে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে এর স্বত্বাধিকারী ফয়সল আরেফিনকে খুন করে দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ, দুই লেখক—ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে জখম করা হয়।
এই দুটি ঘটনায় এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি। মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এই দুটি ঘটনায়ও আনসারুল্লাহকে সন্দেহ করা হচ্ছে।
ফয়সাল আরেফিনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক গতকাল প্রথম আলোকে বলেন, মামলার বিষয়ে পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করে না। তিনি ছেলেকে হত্যার তদন্তের কোনো অগ্রগতি জানেন না। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের কান্নার শেষ নেই। একের পর এক হত্যা ঘটে চলেছে। সরকারের দায়িত্ব আইনের শাসন রক্ষা করা, তারা তা পারছে না।