
সাংসদ মনজুরুল ইসলামকে (লিটন) কারা, কেন হত্যা করেছে, এ বিষয়ে এখনো অন্ধকারে পুলিশ। তবে ঘটনার পর থেকেই জেলা আওয়ামী লীগ এ ঘটনায় জামায়াতে ইসলামীকে দায়ী করছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে ১৮ জনকে আটক করেছে, তাঁরাও জামায়াত-শিবিরের স্থানীয় নেতা-কর্মী বা সমর্থক বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘সাংসদের ওপর সন্ত্রাসী হামলা ও এ হত্যা আমাদের জন্য নতুন। তবে আগেও এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা সন্ত্রাসীদের খুঁজে বের করতে কাজ করছে।’
এদিকে সরকারদলীয় এই সাংসদকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধা জেলাজুড়ে চলছে বিক্ষোভ। গতকাল হরতাল পালিত হয়েছে সাংসদের নিজ উপজেলা সুন্দরগঞ্জে। এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন হিসেবে ১৮ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ড সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি।
তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, এই ১৮ জনের বেশির ভাগই জামায়াতের। তাঁদের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা, নাশকতাসহ জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
গত বছর একটি শিশুকে গুলি করে আলোচনায় আসেন সাংসদ মনজুরুল ইসলাম। তখন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগে সাংসদবিরোধী একটি পক্ষ সক্রিয় হয়েছিল। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, রাজনীতিতে বিরোধ থাকবেই। তবে মনজুরুলের সঙ্গে দলের কারও এমন বিরোধ ছিল না যে তাঁকে খুন করাতে হবে।
গতকাল জেলা সদরে অনুষ্ঠিত আওয়ামী লীগের তিনটি প্রতিবাদ সভায় নেতারা মনজুরুল ইসলামকে হত্যার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন। দুপুরে জেলা সদরের ১ নম্বর ট্রাফিক মোড়ে আয়োজিত সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাংসদ মনজুরুলের বাড়ি থেকে আধা কিলোমিটারের মধ্যে বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রে হামলা চালিয়ে পুলিশের চার সদস্যকে হত্যা করে জামায়াত-শিবির। তারা সে সময় যে তাণ্ডব শুরু করেছিল, মনজুরুল না থাকলে নাশকতা আরও কয়েক গুণ বৃদ্ধি পেত। সেই থেকেই তাঁর ওপর ক্ষোভ জামায়াতিদের।
অন্য নেতারা বলেন, সুন্দরগঞ্জ জামায়াত-অধ্যুষিত এলাকা। মনজুরুলই সেখানে আওয়ামী লীগের ঝান্ডা উড়িয়ে শক্ত অবস্থান নিয়ে দাঁড়াতে পেরেছিলেন। তাই তাঁকে সরাতে পারলে জামায়াত তাদের হারানো রাজত্ব উদ্ধার করতে পারবে, এটা সহজ হিসাব।

এদিকে গতকাল রংপুরে আসা আওয়ামী লীগের তিন সদস্যের প্রতিনিধিদলের প্রধান ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, জামায়াত-শিবির ও জঙ্গিগোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। মনজুরুল যে এলাকার সাংসদ, তা জামায়াত-শিবিরের ঘাঁটি ছিল।
এ অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল করিম দাবি করেন, এখনো জেলা জামায়াতের ৭০ জন নেতা-কর্মী কারাগারে রয়েছেন। দলের কোনো কার্যক্রম নেই। এ পরিস্থিতিতেও উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো হচ্ছে। তিনি বলেন, তাঁরাও এ হত্যার নিন্দা জানান। সরকারের উচিত হবে রাজনীতি না করে প্রকৃত খুনিদের খুঁজে বের করা।
এদিকে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান গতকাল এক বিবৃতিতে দাবি করেন, প্রকৃত খুনিদের আড়াল করতে পরিকল্পিতভাবে জামায়াত-শিবিরের ওপর দোষ চাপানো হচ্ছে। এ ঘটনায় গাইবান্ধা, নীলফামারী, রংপুর ও লালমনিরহাটে জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এর তীব্র নিন্দা জানান।
জেলা পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ এখনো হাতে আসেনি। তবে সুন্দরগঞ্জ এলাকায় বাসায় ঢুকে একজন সাংসদকে হত্যা করার সামর্থ্য একমাত্র জামায়াতেরই রয়েছে বলে সন্দেহটা বাড়ছে। তিনি বলেন, এ জেলায় জঙ্গিদের নেটওয়ার্ক রয়েছে। তাদেরও সন্দেহ করা হচ্ছে। তবে কী কারণে হত্যাকাণ্ডটি হয়েছে, সেটা পরিষ্কার না হওয়া পর্যন্ত সন্দেহগুলোর কোনো ভিত্তি দাঁড়ায় না।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী মিজানুর রহমান বলেন, একটি ঘটনার অনেক কারণ থাকতে পারে। কিন্তু ঘটনার পর থেকে যেভাবে বিরোধী পক্ষকে দায়ী করা হচ্ছে, তাতে তাঁরাও উদ্বিগ্ন।
বিক্ষোভ-অবরোধ-হরতাল
সাংসদকে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে গত শনিবার রাতেই সুন্দরগঞ্জ উপজেলায় হরতাল ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। গতকাল সকাল থেকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ওপরে গাছ কেটে ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। যার কারণে গতকাল দিনভরই ওই সড়কে কোনো যান চলেনি। সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় সাংসদের বাড়ির সামনের সড়কটিও দিনভর একইভাবে বন্ধ ছিল। সুন্দরগঞ্জের বেশির ভাগ দোকানপাটও ছিল বন্ধ। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়।
সাংসদের হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত সুন্দরগঞ্জে হরতাল পালন করা হবে বলে জানিয়েছেন বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাদিম হোসেন।
বামনডাঙ্গা রেলস্টেশনে সান্তাহারগামী একটি ট্রেন সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত আটকে রাখা হয়। বামনডাঙ্গায় সাংসদের বাড়ির সামনে রেলপথে গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত সান্তাহার-রংপুর-লালমনিরহাট পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিজিবির সদস্যরা রেললাইন থেকে গাছের গুঁড়ি সরানোর পর ট্রেন চলাচল শুরু হয়।
গাইবান্ধা জেলা শহরে দফায় দফায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দুপুর ১২টায় জেলা যুবলীগ মিছিল বের করে। বিকেল চারটায় সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র ১ নম্বর ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় আরেকটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শহর আওয়ামী লীগ।