সন্দেহে মাদক সিন্ডিকেট একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা জেড এ মাহমুদের ওপর হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটকেই সন্দেহ করছে পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গত শনিবার রাতে নগরের টুটপাড়ার কারেন্ট বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারেন্ট বাবুর বিরুদ্ধে মাদক ব্যবসায়ী চক্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গত শনিবার দুপুরে খুলনার দোলখোলা এলাকায় জেড এ মাহমুদকে লক্ষ্য করে গুলি করে কয়েকজন দুর্বৃত্ত। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে নিহত হন পথচারী এক নারী। তাঁর শিপ্রা কুণ্ডু (৫০)। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনা মহানগর ও জেলা শাখা। সমাবেশ থেকে ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় পরবর্তী সময়ে কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়।

এদিকে মাহমুদের ওপর হামলা ও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী নারী নিহত হওয়ার ঘটনায় শনিবার রাতে সদর থানায় মামলা হয়েছে। মামলার বাদী হলেন পূর্ব বানিয়া খামার এলাকার ইব্রাহিম খলিল। ঘটনার সময় তাঁর মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন মাহমুদ। মামলায় অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন,
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে মাহমুদের সঙ্গে যাঁদের শত্রুতা ছিল, তাঁরাই এ ধরনের হামলা চালাচ্ছেন। পলাশের সাঙ্গপাঙ্গরাই এ ধরনের কাজ করছেন। আমরা তাঁদের শনাক্ত করার চেষ্টা করছি।’

স্থানীয় সূত্রগুলো বলছে, শনিবার গ্রেপ্তার হওয়া কারেন্ট বাবু এই পলাশ-রোহান গ্রুপের সদস্য। সংগঠনে কোনো পদ না থাকলেও পলাশ নিজেকে ছাত্রলীগের নেতা দাবি করেন। স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী একটা অংশের প্রশ্রয়ে এই গ্রুপটির উত্থান ঘটে। পলাশ এখন কারাগারে আছেন। আর রোহান গত বছরের ৩১ আগস্ট খুন হন। রোহান হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদকেও আসামি করা হয়।

জেড এ মাহমুদের ধারণা, পলাশ কারাগারে বসে সহযোগীদের দিয়ে শনিবার হামলা করিয়েছিলেন। তিনি বলেন, ২০১৪ সালে তিনি ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালে তাঁর এলাকার কয়েকজন মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দেন। তখন পলাশ ও রোহান ক্ষিপ্ত হয়ে তাঁর বাড়িতে হামলা করেছিলেন। এরপর রোহান নিহত হওয়ার পরও একবার মাহমুদকে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।